হরতাল প্রত্যাখ্যান করে কর্মসূচি চট্টগ্রামে
জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাখ্যান করে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে শাহবাগের মতো বুধবার অবস্থান কর্মসূচি শুরু হয় চট্টগ্রামে।
শনিবার তা টানা পঞ্চম দিনের মতো চলছে। এতে অংশ নিচ্ছে ব্লগার, শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
জামালখান প্রেসক্লাব চত্বরে সকাল থেকেই হাজারো তরুণের কণ্ঠে স্লোগান চলছে ‘কাদের মোল্লার ফাঁসি চাই’।
গণসংগীত ও প্রতিবাদী ছড়া পাঠের মধ্য দিয়ে শুরু হয় সকালের কর্মসূচি।
আগের তিন দিন বেলা ৩টা থেকে কর্মসূচি শুরু করলেও শনিবার জামায়াত হরতাল ডাকায় তার বিরুদ্ধে সকাল থেকেই কর্মসূচি শুরু হয়।
অন্যদিকে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল জনজীবনে তেমন সাড়া ফেলেনি।
ভাংচুরের শঙ্কায় ব্যক্তিগত গাড়ি বের না হলেও নগরীর বিভিন্ন সড়কে গণপরিবহন স্বাভাবিক দিনের মতোই।
