২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশের অনুষ্ঠানেও উঠে এল ফাঁসির দাবি

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়েই শহীদ মিনারের মুল বেদীতে শুরু হলো ১৪ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 05:45 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করা এবং জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরসহ সাম্প্রদায়িক রাজনীতিতে জড়িত সব সংগঠনকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে।

শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে একুশের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ভাষাসৈনিক, আলোকচিত্রী ও আবৃত্তিকার আমানুল হক।

অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, “আজকে একাত্তরের রাজাকারদের ফাঁসির যে দাবিতে সবাই এক হয়েছে, সে দাবি ১৯৭৩ সাল থেকেই জানিয়ে আসছি আমরা।”

অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস সবস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার দাবিও জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাথেন আবৃত্তি সংঘের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, আবৃত্তিশিল্পী ও অভিনেতা ভাস্বর বন্দোপধ্যায়, নাট্যঅভিনেতা লিয়াকত আলী লাকী, মান্নান হীরা প্রমুখ।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে শহীদ মিনারে একুশের অনুষ্ঠানমালা চলবে। এতে থাকছে একক ও দলীয় সঙ্গীত, নাচ, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন আয়োজন।