শৈলকুপায় অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার
ঝিনাইদহের শৈলকুপার পৃথক স্থান থেকে দুই দুর্বৃত্তকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয় বলে র্যাব ও পুলিশ জানিয়েছে।
র্যাব ঝিনাইদহ ক্যাম্প অধিনায়ক স্কোয়াড্রন লিডার হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল শুক্রবার ভোরে শৈলকুপার নাগিরাট গ্রাম থেকে সন্ত্রাসী মোকাদ্দেস জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করে।
তার কাছ থেকে একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
শৈলকুপা থানার ওসি আব্দুল বারি বলেন, বৃহষ্পতিবার রাতে শৈলকুপা সদরে মসজিদ পাড়ার আব্দুল আজিজের বাড়িতে ডাকাত ঢোকে।
এ সময় মোবাইল ফোনে খবর পেয়ে আশপাশের লোকজন এসে রনি নামে এক ‘ডাকাতকে’ ধরে ফেলে।
তার কাছে গুলিভর্তি একটি পিস্তল ও একটি হাতুড়ি পাওয়া যায়। তার বাড়ি কুষ্টিয়ার আমলাপাড়া এলাকায়।
এ ঘটনায় শৈলকুপা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।
