২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসএস কর্মী খুন, সন্তু গ্রুপকে দায়ী

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) এক কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 08:21 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

শুক্রবার সকালে উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট এলাকা থেকে পুলিশ দীপন চাকমার (৩০) লাশ উদ্ধার করেছে। তার বাড়ি দুরছড়ি গ্রামে।

সন্তু লারমা গ্রুপের জনসংহতি সমিতি এ হত্যাকা- ঘটিয়েছে বলে দাবি করছে জেএসএস এমএন লারমা গ্রুপের যুব সমিতি। তবে সন্তু লারমা গ্রুপ অভিযোগ অস্বীকার করেছে।

জনসংহতি সমিতি (এমএন লারামা) সমর্থিত যুব সমিতির বাঘাইছড়ি শাখা সভাপতি যোশী চাকমা অভিযোগ করেন, সকাল সাড়ে ৯টার দিকে বারিবিন্দুঘাট এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন যুব সমিতির কর্মী দীপন চাকমা।

কিছুক্ষণ পর ৫/৬ যুবক দোকানের চারদিকে ঘিরে ফেলে। বিষয়টি বুঝতে পেরে দীপন চাকমা পালাতে থাকলে সন্ত্রাসীরা তাকে তাড়া করে।

কিছুদূর গিয়ে তাকে ধরে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করে চলে যায়। 

তিনি এ হত্যাকান্ডের জন্য জনসংহতি সমিতির সন্তু লালমা গ্রুপকে দায়ী করেন।

সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কেন্ত্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিতিহীন উল্লেখ করে বলেন, “এমএন লারমা গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। আমরা কোনভাবেই জড়িত নই।’ 

বাঘাইছড়ি থানার ওসি মো. রফিক উল্লাহ সাংবাদিকদের বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দীপনের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়া চলছে।

সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস থেকে বের হয়ে কিছু সদস্য জেএসএস-এনএম লারমা নামে আলাদা এই সংগঠন গড়ে তুলেছেন।