চাঁদপুরে ৫২৫ জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা
চাঁদপুরে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৫২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, উপ-পরিদর্শক (এসআই) কল্লোল বৃহস্পতিবার রাতে এই মামলা দায়ের করেন। এতে জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো পাঁচশ জনকে আসামি করা হয়েছে।
ওসি জানান, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বৃহস্পতিবার বিকেলে শহরের ট্রাকরোড এলাকায় সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করে। সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে।
পরে পুলিশ কাঁদানে গ্যাস ও ছররা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ১৯ নেতা-কর্মীকে আটক করা হয়।
