২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের নিস্তার নেই: মুহিত

যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টিকারীদের আন্দোলন এদেশে চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 02:37 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, হবেই। এদের কোনভাবেই নিস্তার দেয়া হবেনা।

এ ছাড়া যারা যুদ্ধাপরাধীদের সমর্থনে কাজ করে তাদের এদেশে থাকার অধিকার নেই বলেও মন্তব্য করেন মুহিত।

ৎবৃহস্পতিবার বিকেলে সিলেট কোর্ট পয়েন্টে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ১৪ দলের সমাবেশে তিনি এসব বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার নিজেদের সামর্থেই পদ্মা সেতুর কাজ করবে। এরই মধ্যে সেতুর নকশা বাবদ ১৫শ কোটি টাকা খরচ করা হয়েছে। ৩ বছরে পর্যায়ক্রমে বাকি কাজ হবে।

বিরোধীদলীয় নেত্রী বিদেশের কাছে সাহায্য ভিক্ষা করেছেন উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, বিদেশিদের কাছে সাহায্য ভিক্ষা ভিক্ষুকের কাজ। এটি ঘৃণ্য ও ন্যাক্কারজনক। এজন্য জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হবে।

শাবিতে ভাস্কর্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে ভাস্কর্য নির্মাণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আর এ সরকারের আমলে এখানে ভাস্কর্য নির্মাণ হবে না বলেও জানান মন্ত্রী।

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি  মেয়র বদর উদ্দিন কামরানের সভাপতিত্বে সমাবেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু, মোহাম্মদ নাসিমসহ ১৪ দলের নেতারা বক্তব্য দেন।