চট্টগ্রামে ফাঁসির দাবিতে সমাবেশ দ্বিতীয় দিনে
কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চট্টগ্রামের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ-সমাবেশ চলছে।
বৃহস্পতিবার বেলা তিনটা থেকে হাজারো তরুণের অংশগ্রহণে জামালখান প্রেসক্লাব চত্বর মুখর হয়ে ওঠে।
তাদের সম্মিলিত বজ্রকণ্ঠে উচ্চারিত হয়, “কাদের মোল্লার ফাঁসি চাই, সকল যুদ্ধারপরাধীর ফাঁসি চাই।”
শুধু তরুণরাই নয়, শিশু থেকে শুরু করে সব বয়স ও শ্রেণীপেশার মানুষ এবিক্ষোভে অংশ নিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।
ফাঁসির দাবিসম্বলিত ফ্যাস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার ও রাজাকারদারদের প্রতীকি কূশপুত্তলিকা নিয়ে নিয়ে এতে অংশ নেয় তরুণ-তরুণীরা।
তিনটায় গণসংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সময় গড়াতে গড়াতে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রেসক্লাবের উভয় সড়ক পরিণত হয় প্রতিবাদী জনস্রোত।
সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ’রা এ বিক্ষোভের সূত্রপাত করলেও দ্বিতীয় দিনে তা চট্টগ্রামবাসীর কর্মসূচিতে পরিণত হয়।
নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠনের মিছিল এসে মিশে যাচ্ছে প্রেসক্লাব চত্বরে।
সবার মুখেই শুধুই একটি শ্লোগান, কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই।
প্রথমে পরিবেশিত হয় উদীচী-চারণের গণসংগীত। তারপর কবিতা পাঠ করেন বোধন আবৃত্তি পরিষদ ও প্রমা আবৃত্তি সংগঠনের কর্মীরা।
কর্মসূচিতে সংহতি জানায় আওয়ামী লীগ, সিপিবি, ওর্য়াকার্স পার্টি, বাসদ, জাসদ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রী, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, ব্লগরস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চারু শিল্পী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, ডা. একিউএম সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার, সাংবাদিক হাসান ফেরদৌস, নাজিমুদ্দিন শ্যামল, রাশেদ হাসান, সুনীল ধর ও সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহবায়ক শরীফ চৌহান প্রমুখ।
আয়োজকরা জানান, তাদের এ কর্মসূচি চলবে। শুক্রবারও তারা জামালখান প্রেসক্লাবের সামনের সড়কে একই দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করবেন।
বুধবার বিকালে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, কিছু তরুণ, কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট ও সংস্কৃতিকর্মীরা চট্টগ্রাম প্রেসক্লাবে প্রতিবাদী এ কর্মসূচি শুরু করেন।
এতে চট্টগ্রামের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়ে সাধারণের কর্মসূচিতে পরিণত করেন।
রাতে এ কর্মসূচিতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
