২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্য ববস: মনোনয়ন গ্রহণ শুরু

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ‘দ্য ববস’ এর নবম আসরে আরো তিন ভাষাভাষী ব্লগাররা অংশগ্রহণের সুযোগ পাবেন। বেড়েছে পুরস্কারের পরিধি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণে ৬ ফেব্রুয়ারি থেকে মনোনয়ন জমা নেয়া শুরু হয়েছে৷ ৬ মার্চ মনোনয়ন গ্রহণ করা হবে।

এ জন্য ভিজিট করতে হবে www.thebobs.com/bengali-  এই ঠিকানায়।

নবম বারের এই আয়োজনে যে তিনটি ভাষা যুক্ত হয়েছে সেগুলো হলো- হিন্দি, তুর্কি এবং ইউক্রেনীয় ভাষা৷

এবার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের জন্যও আলাদা পুরস্কার রেখেছে আয়োজকরা। এই বিভাগটির শিরোনাম রাখা হয়েছে- ‘বেস্ট পারসন টু ফলো’ বা ‘সেরা অনুসরণযোগ্য’৷

আয়োজকরা জানিয়েছেন, বিজয়ী নির্ধারণের নিয়মনীতি আগের মতোই থাকবে৷ ১৫ সদস্যের আন্তর্জাতিক জুরি ৬টি মিশ্র বিভাগে জুরি অ্যাওয়ার্ড বিজয়ী নির্ধারণ করবেন৷ পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীরা ভোটের মাধ্যমে ভাষাভিত্তিক ২৮টি এবং ৬টি মিশ্র বিভাগে ‘ইউজার প্রাইজ’ বিজয়ী নির্ধারণ করবেন৷

আগামী ১৮ জুন, জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে একটি অনুষ্ঠানের মাধ্যমে জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে৷

গত বছর মোট তিন হাজার মনোনয়ন জমা পড়েছিল৷ আর এ সব মনোনয়ন থেকে বাছাইকৃত বিভিন্ন উদ্যোগে ভোট পড়েছে ৬০ হাজারের বেশি৷