২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে শেষ হবে ২ সেতু মেরামতের কাজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতু মেরামতের কাজ ফেব্রুয়ারি মাসে শেষ হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 12:22 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বৃহস্পতিবার সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “যান্ত্রিক ত্রুটির কারনে ফেব্রুয়ারি মাসে মেঘনা-গোমতি সেতুর সংস্কার কাজ শেষ হচ্ছে না।”

তবে ফেব্রুয়ারি মাসের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত মেরামত কাজের ২য় ধাপ চলবে বলে জানান তিনি।

এ ছয়দিনে ১৪টি এক্সপানসন জয়েন্ট এবং ৬৪টি হিঞ্জ বিয়ারিং স্থায়ী পরিবর্তনের কাজ সম্পন্ন করা হবে।

এ জন্য ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ছয়দিন সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এর আগে ২৫ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত মেরামত কাজের জন্য সেতু বন্ধ রাখার করা জানানো হয়েছিল।

“আমরা আশা করছি অবশিষ্ট কাজ আগামী মার্চের যেকোনো সময় শেষ হবে।”

মন্ত্রী জানান, তৃতীয় পর্যায়ে মার্চ মাসে সুবিধাজনক সময়ে অবশিষ্ট মেরামত কাজের জন্য পুনরায় সেতু দুটিতে যান চলাচল বন্ধ থাকবে।

তখন বাকি ১০টি এক্সপানসন জয়েন্ট এবং ৩২টি হিঞ্জ বিয়ারিং পরিবর্তন করা হবে।

মেরামতকাজের জন্য এর আগে গত ৪ জানুয়ারি সকাল ছয়টা থেকে টানা ৯৬ ঘণ্টা এই দুই সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।