গাজীপুরে আহমদিয়াদের প্যান্ডেলে অগ্নিসংযোগ
আহমদিয়াদের ইসলামী জলসা প্রতিহত করতে বুধবার গাজীপুরের কালিয়াকৈরে মুসল্লিরা একটি প্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে। এ সময় ওই মুসল্লিরা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধও করে।
পরে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, কালিয়াকৈরের মৌচাক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের ন্যাশনাল ইসলামী জলসার আয়োজন করা হয়।
এই উপলক্ষে প্রশিক্ষণ কেন্দ্রের ভিতর বড় আকারের কয়েকটি প্যান্ডেল তৈরি করা হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, বিকালে এলাকার কয়েক হাজার মুসল্লি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এরপর তারা মৌচাক এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে সমাবেশ করে।
এ সময় এ বক্তব্য দেন শরিফ উদ্দিন, মাসুদুল করিম, নেহাজ উদ্দিন, শরিফুর রহমান, ফজলুর রহমান, নাছির উদ্দিন, সিরাজ উদ্দিন, সিরাজুল ইসলাম, নাছির উদ্দিন খান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সমাবেশ থেকে তারা লাঠিসোঁটা নিয়ে স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে জলসার সরঞ্জাম ভাংচুর করে কয়েকটি প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াকৈর থানা পুলিশ, গাজীপুর জেলা পুলিশ, মৌচাক ফাঁড়ি পুলিশ, আর্মড পুলিশ।
পরে কয়েক রাউন্ড ফাকা গুলি করলে মুসল্লিরা ভিতর থেকে সরে আবার মহাসড়কে অবস্থান নেয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মৌচাক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসক নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রশাসনের মতামতের ভিত্তিতে স্কাউটস কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওই জলসার আয়োজন হয়েছিল।
