২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধিত সমবায় সমিতি বিল পাস 

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন না নিয়ে সমবায় সমিতি ব্যাংকিংয়ের ওপর বিধিনিষেধ যুক্ত করে সমবায় সমিতি (সংশোধন) বিল ২০১২ সংসদে পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বুধবার বিলটি সংসদে উত্থাপন করলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা পাস হয়।

এই বিলটি পাস হওয়ার ফলে, কোনো ব্যক্তি এই বিধান লঙ্ঘন করলে অনধিক সাত বছর কারাদণ্ড বা অনূন্য দশ লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।

সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বন্ধ, শাখা অফিস খোলার বিধান বাদ এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধককে মহাপরিচালক করে গত ১১ সেপ্টেম্বর সমবায় সমিতি (সংশোধন) বিল-২০১২ সংসদে উত্থাপন করা হয়।

বিলটি পরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠালে বিলটি পরীক্ষা করে কমিটি তা পাস করার সুপারিশ করে।

রূপকল্প-২০২১ সামনে রেখে সমবায় প্রতিষ্ঠানসমূহ যাতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগী ভূমিকা পালন করতে সে লক্ষ্যে বিদ্যমান আইনে কিছু বিষয় বা প্রসঙ্গের পরিবর্তন করা হয়েছে বলে সংশোধিত বিলে উল্লেখ করা হয়।

ওয়াকফ (সংশোধন) বিল

এদিকে মুতাওয়াল্লীদের জরিমানার পরিমাণ দশগুণ বৃদ্ধি করে ওয়াকফ (সংশোধন) বিল-২০১৩ সংসদে উত্থাপিত হয়েছে।

ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান খান বিলটি উত্থাপন করে ১৫ দিনের মধ্যে পরীক্ষাপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করলে তা পাস হয়।

গত ৩০ সেপ্টেম্বর ওয়াকফ (সংশোধন) অ্যাক্ট-২০১২ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পায়।

অনুমোদিত খসড়া আইন মোতাবেক সকল ওয়াকফ সম্পত্তি ওয়াকফ স্টেটের নামে থাকবে এবং তাদের অনুমতি ছাড়া কোনো সম্পত্তি হস্তান্তর করা যাবে না।