২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবির ১৩ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩ জনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 10:59 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নজিবুর রহমান বলেন, গত ১৬-১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়েল আশপাশে ছাত্রদের সংঘর্ষ ও গোলাগুলিতে এক শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এ আচরণ ও কার্যকলাপ বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল ছাত্র হিসেবে অশোভন, অনাকাঙ্খিত ও ছাত্র শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট দৃষ্টান্ত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে অপরাধ।

প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স অনুসারে উপাচার্যের আদেশে ১৩ ছাত্রকে ছয়মাসের জন্য (এক সেমিস্টার) বহিষ্কার করা হয়েছে, বলেন রেজিস্ট্রার।

বহিষ্কৃতরা হলেন সভাপতি মো. শামছুদ্দিন আলা আজাদ, সাধারণ সম্পাদক মো. রফিকুজ্জামান ইমন, মো. পারভেজ কবির, শাহীন মাহমুদ, মো. আসাদুজ্জামান খোকন, মো. আনোয়ার পারভেজ রিপন, নয়ন হাওলাদার, মো. রুবেল মিয়া, মো. শাকিল মজুমদার, মো. রুকনুজ্জামান, মো. শাহাবুদ্দিন শিহাব ও মো. ইয়াহইয়া (ইমরান)।

গত ১৯ জানুয়ারি বাকৃবি ছাত্রলীগ সভাপতি শামছুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশু ফজলে রাব্বি।

এরপর বাকৃবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পাশাপাশি শামসুদ্দিন ও রফিকুজ্জামানকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।