ট্রলি উল্টে চালক ও সহকারী নিহত
নেত্রকোনা সদরে বুধবার সকালে ইট বোঝাই ট্রলি খাদে পড়ে চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেক সহকারী।
নিহত চালক বাবুল মিয়া (২৫) ও সহকারী জুয়েল মিয়ার (১৮) বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইয়ারপুর গ্রামে।
মাথায় গুরুতর আঘাত পাওয়া একই গ্রামের সাগর মিয়াকে (১৬) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক নিলোৎপল তালুকদার।
নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কে একটি রিকশাকে সাইড দিতে গিয়ে ট্রলিটি উল্টে খাদে পড়ে যায়।
এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান আজিজুর।
