নিরাপত্তা বলয় গড়তে বিজিবি: টুকু
অতিরিক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্যই মঙ্গলবার রাত থেকে ঢাকা ও চট্টগ্রামে বিজিবিকে টহলে নামানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বুধবার সাংবাদিকদের বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অতিরিক্ত টহলের জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।
“বাচ্চু রাজাকার ও কাদের মোল্লার রায় হওয়ার পর জামায়াত-শিবির দেশকে অচল ও গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে, এ অবস্থায় জনগণের যানমালের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।”
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হামলায় পুলিশের মনোবল ‘ভেঙে’ পড়ায় বিজিবি নামানো হয়েছে কি না- জানতে চাইলে প্রতিমন্ত্রী তা নাকচ করেন।
তিনি বলেন, “বিজিবি নামানোর মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”
পরিস্থিতির আরো অবনতি হলে সেনাবাহিনী নামানোর সম্ভাবনা রয়েছে কি না- জানতে চাইলে টুকু বলেন, “এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই যথেষ্ট, আর এই সঙ্গে দেশের মানুষ এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে যাচ্ছে।”
“সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হচ্ছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ব্যবহারে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হয়,” বলেন তিনি।
নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের হুঁশিয়ার করে টুকু বলেন, “আপনারা বিরত থাকুন, সব কিছুর শেষ আছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধৈর্যে্যর সীমা পেরিয়ে গেলে ভালো হবে না।”
