২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা প্রকল্পের বিস্তারিত ২ মার্চ জানাবেন প্রধানমন্ত্রী

জাজিরা পয়েন্টে আগামী ২ মার্চ নদী তীর রক্ষা প্রকল্প কাজের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু বাস্তবায়ন কাজের প্যাকেজ ঘোষণা করবেন বলে জানিয়েছেন যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 07:12 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “২ মার্চ জাজিরায় তীর রক্ষা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই দিন পদ্মা সেতু বাস্তবায়ন নিয়ে একটি প্যাকেজ ঘোষণা করবেন তিনি।”

সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজস্ব অর্থায়নে তিন বছরের মধ্যে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয়ার একদিন পরই একথা বললেন যোগাযোগমন্ত্রী।

‘দুর্নীতির’ তদন্ত নিয়ে টানাপোড়েনে বিশ্ব ব্যাংককে ‘না’ বলার পর সংসদে বিবৃতিতে সরকারের অবস্থান জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, আগের নকশায়ই এই সেতু হবে।

ওবায়দুল কাদের বলেন, “ফেব্রুয়ারির মধ্যেই পরিষ্কার হয়ে যাবে অর্থায়নের বিষয়টি। সেতুর কাজ শুরু হবে নিজস্ব অর্থায়নেই।”

বিকল্প অর্থায়নের বিষয়ে তিনি বলেন, “মালয়শিয়ার প্রস্তাব আছে। তাদেরকে না করিনি। এছাড়া চীনের প্রস্তাব আছে এবং পরোক্ষভাবে ভারতেরও আগ্রহ আছে।”

বাংলোদেশ সেনাবাহিনীকে দিয়ে সংযোগ সড়কের একটি অংশ করানো হতে পারে বলেও জানান কাদের।

এদিকে সংসদে এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রমাণ পাওয়া গেলে সাবেক দুই মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং আবুল হোসেন চৌধুরী পদ্মা সেতু দুর্নীতি মামলায় আসামি হতে পারেন।

বিরোধীদলের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর লিখিত এক প্রশ্নের জবাবে সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি একথা বলেন।

রেহানার প্রশ্ন ছিল- ‘এটা সত্যি কি না, পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও সাবেক দুই মন্ত্রীকে বাদ দিয়ে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছেন?”

জবাবে মতিয়া চৌধুরী বলেন, “তদন্তকালে তথ্য প্রমাণ পাওয়া গেলে চার্জশিট দাখিল করে অভিযুক্ত ব্যক্তিবর্গকে মামলায় সম্পৃক্ত করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।”