২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গাড়িতে আগুন

হরতাল ডেকে ভাংচুর ও জ্বালাও-পোড়াও অব্যাহত রেখেছে জামায়াতে ইসলামীকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 05:24 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

দ্বিতীয় দিনের হরতালের আগে মঙ্গলবার রাতে মিরপুরে একটি পিকআপ ভ্যানে আগুন দেয়া হয়েছে।

রাত পৌনে ১০টার দিকে মিরপুর গোলচক্করে গাড়িটিতে আগুন দেয়া হয় বলে অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি।

হরতাল সমর্থকরা এই গাড়িতে আগুন দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজার রায় দেয়ার পর বুধবার হরতাল ডাকে দলটি।

রায়ের দিন মঙ্গলবারও হরতাল ডেকেছিল জামায়াত। ওই হরতালের আগের রাতে উত্তরায় একটি বাসে আগুন দেয়া হলে পুড়ে মারা যান একজন।

মঙ্গলবার হরতালের সময় অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরের অভিযোগে ৫২ জন জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি গাড়ি ভাংচুর এবং চারটি গাড়িতে আগুন দেয় পিকেটাররা।

হরতাল সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলেও মাসুদুর রহমান জানান।