আমিরাতে নিহতদের পরিবারে মাতম
আরব আমিরাতে দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিবারে চলছে শোকের মাতম।
নিহতদের মধ্যে কুমিল্লার তিন জন এবং নেত্রকোনার একজন রয়েছেন।
এরা হলেন কুমিল্লার মুরাদনগরের আলীরচর গ্রামের আনোয়ার হোসেন (৪০) ও হীরাপুর গ্রামের হাবিবুর রহমান (২৬) এবং মনোহরগঞ্জ উপজেলার নারারপাড় গ্রামের নুরে আলম (৩০)। নেত্রকোনার মৃত ব্যক্তি হলেন বারহাট্টা উপজেলার বাউসী গ্রামের উজ্জ্বল মিয়া। তাদের পরিবারে চলছে শোকের মাতম।
সোমবার বালুভর্তি ট্রাক ও শ্রমিক বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ বাংলাদেশি নিহত হন।
কুমিল্লা প্রতিনিধি জানান, আনোয়ারের তিন মেয়ে শাহিদা (১০), সানজিদা (৬) ও মীমের (৪) কান্নায় সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
হাবিবুর রহমানের একমাত্র ছেলে হাছিব (২) ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। মাকে বলে, আব্বু খেলনা ও চকলেট আনবে। অবুঝ এ শিশুর কথায় উপস্থিত কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি।
নূরে আলমের মা-বাবাসহ স্বজনদের কান্নায় বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে। মা নূরজাহান ছেলের জামা বুকে নিয়ে বিলাপ করছেন। বাবা আবুল হোসেন হয়েছেন বাকরুদ্ধ।
নূর জাহান বিলাপ করে বলছেন, আল্ল¬াহ তুমি আমার ছেলেরে আমার বুকে ফিরাইয়া দেও।
নেত্রকোনা প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে উজ্জ্বলের বাড়ি গিয়ে দেখা গেছে শুধুই শোকের মাতম। মা জাহেরা খাতুন, বাবা রোজ আলী এ কিছুক্ষণ আগেই মৃত্যুর সংবাদ পান।
উজ্জ্বলের চাচাত ভাই আব্দুস সাত্তার বলেন, ২০১০ সালে কৃষি জমি বিক্রি ও ধারদেনা করে উজ্জ্বলকে বিদেশ পাঠানো হয়।
ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন তার বৃদ্ধ বাবা-মা। মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উজ্জ্বলদের বাড়িতে ছুটে আসেন। কিন্তু কারো মুখে সান্ত¡না দেয়ার ভাষা নেই। সবার চোখে পানি। ছোট বোন ডালিয়া বিলাপ করছিলেন আর বার বার মূর্ছা যাচ্ছিলেন।
বারহাট্টা থানার ওসি সুলতান মাহমুদ বলেন, মরদেহ কবে আসবে তা এখনো জানতে পারেননি।
নেত্রকোনা জেলা প্রশাসক আনিস মাহমুদ বলেন, উজ্জ্বলের মৃত্যুর কথা তিনি জানেন না। সরকারিভাবে এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে কিছু জানায়নি।
