২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ধর্ষণ মামলায় জামিন, নথি তলব হাই কোর্টে

নাটোরের একটি ধর্ষণ মামলায় স্বীকারোক্তি দেয়া আসামিকে দেয়া জামিন কেন বাতিল করা হবে না জানতে চেয়েছে হাই কোর্ট।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 03:25 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিচাপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহামুদুল হক স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে রুল জারি করেন।

এতে এ মামলার আসামিদের জামিন কেন বাতিল করা হবে না তার জবাব দিতে নাটোরের জেলা ম্যাজিস্ট্রেটকে নোটিশ পাঠানো হয়।

একইসঙ্গে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালকে জামিন সংক্রান্ত নথিপত্র সাত দিনের মধ্যে হাই কোর্টে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

এদিকে বিষয়টি তদন্ত করতে নাটোরে দুই আইনজীবী পাঠিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১৯ অক্টোবর নাটোরের সিংড়া উপজেলার কলমমির্জাপুরে এক কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী নাজমুল হক, রাজিবুল হাসান, মনিরুল ইসলাম, আতাউল ইসলাম, খায়রুল ইসলাম, রেজাউল করিম, ছাব্বির আহমেদ ও রেজাউনুল হককে  হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে ১১ জনকে আসামি করে সিংড়া থানায় মামলা করেন।

এ মামলায় রেজাউনুল হক, খায়রুল ইসলাম ও নাজমুল হক বিচারিক হাকিমের কাছে অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। নির্যাতিতা ছাত্রীও বিচারিক হাকিমের কাছে জবানবন্দি দেন।

এরপর গত ২৮ জানুয়ারি নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের গ্রেপ্তার আসামিরা জামিন আবেদন করেন।

ওই সময় নির্যাতিতা ছাত্রী ও তার বাবা আদালতে উপস্থিত হয়ে আসামিদের জামিনের সুপারিশ করেন।

ওইদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ বিষয়ে সংবাদ প্রচার করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাজাহান কবীর ওই সময় আদালতকে বলেছিলেন, অভিযোগকারী ও আসামিদের মধ্যে মামলার বিষয়টি স্থানীয়ভাবে সাড়ে পাঁচ লাখ টাকায় আপোষ মীমাংসা হয়েছে। নির্যাতিতা ছাত্রীর অন্যত্র বিয়েও হয়েছে।

সবকিছু শোনার পর আদালত আসামিদের জামিন দেয়। বিষয়টি হাইকোর্টের নজরে এলে এ রুল জারি করা হয়।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের সরকারি আইনজীবী শাজাহান কবীর বলেন, নির্দেশ মোতাবেক গত সোমবার বিশেষ বাহক মারফত মামলার নথি হাই কোর্টে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) এ ব্যাপারে শুনানি হবে।

এদিকে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আইনজীবী জন অসিত দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তদন্তের জন্য আসকের দুই সদস্যের একটি তদন্ত দল ঢাকা থেকে নাটোরে রয়েছে।

তিনি নিজে এবং স্টাফ আইনজীবী সুমিতা বাগ্চী এ দলে রয়েছেন। মঙ্গলবার তারা আদালতে এ ব্যাপারে খোঁজখবর নেন। তারা নির্যাতিতা ছাত্রী ও তার অভিভাবকদের সঙ্গেও দেখা করেন বলে জানান অসিত।