ঢাকায় নেমেছে বিজিবি
আব্দুল কাদের মোল্লার রায়ের পর হরতাল এবং উত্তেজনার মধ্যে রাজধানীতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাজধানীর সড়কে বিজিবি সদস্যদের টহলে দেখা যাচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত পুলিশের কাজে সহায়তার জন্য রাজধানীতে বিজিবি সদস্যদের নামানো হয়েছে।”
দুপুরে জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজার রায় দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
এর প্রতিবাদে জামায়াত বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। হরতালের সমর্থনে বিক্ষোভ থেকে বিভিন্ন স্থানে ভাংচুর ও বোমাবাজিও করছে তারা।
এদিকে কাদের মোল্লার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল।
এর পাশাপাশি কাদের মোল্লার ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে একদল তরুণ।
ওই তরুণদের সমাবেশে সংহতি জানিয়েছে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সরকার সমর্থক ছাত্রলীগও ওই কর্মর্সূচিতে সংহতি জানিয়েছে।
