বিদ্যুতের উৎপাদন বাড়ানোর ৫ প্রকল্পে একনেকের সায়
বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাঁচ হাজার ২৯৮ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপত্বিত করেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎখাতের ৫টির মধ্যে ৩টি প্রকল্প উৎপাদন বৃদ্ধি এবং বাকি দু’টি প্রকল্প বিদ্যুতের সুষ্ঠু ও নির্ভরযোগ্য সঞ্চালন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে।
এসব প্রকল্প বাস্তবায়নে জাইকা, এডিবি, আইডিবি ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক-এর কাছ থেকে চার হাজার ২৩৩ কোটি টাকা পাওয়া যাবে।
বাকি এক হাজার ৬৫ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে মেটানো হবে।
এ প্রকল্পগুলো হলো- ৮৩৩ কোটি টাকা ব্যয়ে খুলনা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্টকে ২২৫ মেগাওয়াটে উন্নীত করার প্রকল্প, ৩২০ কোটি টাকা ব্যয়ে ৭০ মেগাওয়াটের শাহজীবাজার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটকে ১০৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেলে উন্নীত করার প্রকল্প এবং ৭০৮ কোটি টাকা ব্যয়ে সিলেটের ১৫০ মেগাওয়াটের গ্যাসভিত্তিক কেন্দ্রকে ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেলে উন্নীত করার প্রকল্প।
এছাড়া ৯৮৭ কোটি টাকা ব্যয়ে দেশের পূর্বাঞ্চলে ১৩২ কেভি গ্রিস লাইন উন্নীত করা এবং ২ জাজার ৪২৭ কোটি টাকা ব্যয়ে বিদুৎ সঞ্চালন লাইন উন্নীত করার দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
বিদ্যুতের প্রকল্প ছাড়াও সোমবার একনেক সভায় আরো ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়।
১১টি প্রকল্প বাস্তবায়নে ২ হাজার ২২৬ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট ৪ হাজার ২৩৩ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে ‘বিসিক শিল্প পার্ক, সিরাজগঞ্জ প্রকল্প’ অন্যতম। ৪০০ একর আয়তনের শিল্প পার্কটিতে ৫৭০টি রফতানিমুখী শিল্প ইউনিট স্থাপন এবং আরও ২৫০টি শিল্প প্লটের উন্নয়ন করা হবে।
শিল্প ইউনিট স্থাপনের মাধ্যমে এখানে প্রায় এক লাখ লোকের সরাসরি কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৯০ কোটি টাকা।
