২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় জমি দখল করল ভূমিহীনরা

বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রায় ৪০ একর জমি দখল করেছে ভূমিহীনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 01:35 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

গত শুক্রবার রাতে পাথরঘাটার পদ্মা চরের হরিণবাড়িয়া সংরক্ষিত বনাঞ্চলের এ জমি দখল হয় বলে বনবিভাগ জানিয়েছে।

বন বিভাগ এগুলোতে সংরক্ষিত বনাঞ্চলের অংশ বললেও দখলকারী ভুমিহীনদের দাবি, এ জমি তাদের বন্ধবস্ত দেয়া হয়েছে।

বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ বলেন, স্থানীয় মুজিবুল হক নামের এক ব্যক্তির নেতৃত্বে ৩৮টি পরিবার এ জমি দখল করেছে। পুলিশ গিয়ে কোনো ব্যবস্থা না নিয়ে ফিরে এসেছে।

তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বলেন তিনি।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক ইদ্রিস মিয়া বলেন, জায়গাটি জেলা প্রশাসনের। এ নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মামলা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশ না চাওয়ায় আমরা পুলিশ পাঠাতে পারছি না, বলেন তিনি।

দখলে নেতৃত্বদানকারী মুজিবুল হক বলেন, ১৯৮৯-৯০ সালে এরশাদ সরকার ভুমিহীন হিসেবে তাদের ৩৮ পরিবারকে ৩৮ একর এবং মসজিদের জন্য দুই একর জমি চিরস্থায়ী বন্দোবস্ত দেয়। কিন্ত জমি বুঝিয়ে না দেয়ায় তারা সরকারের বিরুদ্ধে মামলা করেন। মামলা এখনও চলছে।

তিনি আরো বলেন, আদালত মামলাটির কোনো সুরাহা না করলে ১৯৯৬ সালে এ পরিবারগুলো হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল পদ্মা এলাকার বন কেটে ঘর তুলে বসবাস শুরু করে। এ সময় বনবিভাগ তাদের বিরুদ্ধে ক্ষতিপুরণের মামলা করলে তারা রাস্তার পাশে অবস্থান নেয়।

এ ব্যাপারে বনবিভাগ ভূমিহীনদের বিরুদ্ধে ১৬টি মামলা করেছে বলেও তিনি জানান।

পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান শওকত হাচানুর রহমান রিমন বলেন, ভূমিহীনরা ন্যায্য দাবি আদায়ের জন্য তাদের জায়গায় অবস্থান নিয়েছে। বনবিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।