ইবিতে শিবিরের লাঠি মিছিল, অবরোধ
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার দ- ও ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জঙ্গি মিছিল ও সমাবেশ করেছে শিবির।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদ- দেয়।
রায় ঘোষণার পর বেলা ১টা থেকে ২টা পর্যন্ত শিবিরের নেতাকর্মীরা লাঠি মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করে।
এর আগে সকাল ৭টার দিকে অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে এবং হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১টার সময় বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি তারেক মনোয়ার, সাধারণ সম্পাদক আসাদুল্লাসহ শিবির নেতাকর্মীরা লাঠিসোটা, রড, হকিস্টিক নিয়ে মিছিল বের করে।
তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে খুলনা-কুষ্টিয়া সড়ক প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকে এসে সমাবেশ করে এবং প্রধান ফটক অবরোধ করে।
সমাবেশে তারেক মনোয়ার বলেন, মানবতাবিরোধী ও যুদ্ধ অপরাধীদের বিচারের নামে গঠিত অবৈধ ট্রাইব্যুনাল বাতিল করতে হবে।
