বাসে আগুন: ৯৪ জামায়াত-শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা
উত্তরায় বাসে অগ্নিসংযোগে এক জনের মৃত্যুর ঘটনায় জামায়াত-শিবিরের ৯৪ কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
গত হরতালের আগের দিন মগবাজারে বাসে আগুন দেয় জামায়াতকর্মীরা।
সোমবার রাত ১০টার দিকে আজমপুর বাস স্ট্যান্ড এলাকায় তুরাগ পরিবহনের বাসটিতে আগুন ধরানো হয় বলে পুলিশ জানিয়েছে।
হরতালের ঘোষণা দিয়ে সোমবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল করে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছিল। এর মধ্যেই গাজীপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী এই বাসটিতে আগুন দেয়া হয়।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন এই মামলাটি করেন।
ওই থানার এসআই সিনথিয়া আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোরে হওয়া মামলায় জামায়াত-শিবিরকর্মীদের ছাড়াও অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
তবে মঙ্গলবার বিকাল পযর্ন্ত ওই মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানান।
নিহত রাসেলের বড় ভাই রাশেদ মাহমুদ ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের জানান, সোমবার বিকালে তার বাবা সাইফুল ইসলামকে নিয়ে উত্তরার মেডিনোভা হাসপাতালে যায় রাসেল। তার বাবা ও রাসেল দুজনের চিকিৎসা নেওয়ায় কথা ছিল।
চিকিৎসক দেখানো শেষে রাতে দক্ষিণখানের বাসায় ফিরে আসার সময় এ ঘটনা ঘটে। ওই সময় রাসেলের সঙ্গে তার বাবা সাইফুল ইসলামও সঙ্গে ছিল বলে তিনি জানান।
রাসেলের খালাতো ভাই মো. নাহিদ জানান, বাসের পিছনের দিকে ছিল রাসেল ও তার বাবা। আগুন লাগার পর বাসের জানালা ভেঙ্গে তার বাবা বের হতে গিযে নিচে পড়ে আহত হন।কিন্তু রাসেল বের হতে পারেননি।
তিনি বলেন, রাসেল দেড় বছর আগে বিয়ে করেন। স্ত্রীর নাম তন্নী বেগম। দেড় মাসের পুত্র সন্তান রয়েছে তার।
এবি ব্যাংকের কর্মকর্তা শেখ মিজানুর রহমান মর্গে সাংবাদিকদের বলেন, রাসেল কাকরাইল শাখায় তিন বছর ধরে কর্মরত ছিলেন।
