২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ রায় জাতির জন্য দুর্ভাগ্য’

যুদ্ধাপরাধের মামলার রায়ে আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা।

নিজস্ব প্রতিবেদক

)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 07:42 AM

Updated : 13 Oct 2022, 02:47 PM

এ রায়ের প্রতিবাদ জানিয়ে হাই কোর্টের বাইরে বিক্ষোভ করছেন তারা।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি হেলাল মোর্শেদ বলেন, “এ রায় আমরা মেনে নিতে পারি না। কাদের মোল্লার অবশ্যই ফাঁসি হওয়া উচিত ছিল।

“একই ধরনের অপরাধে বাচ্চু রাজাকারের ফাঁসি হলে কাদের মোল্লার কেন হলো না?”

এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ রায়ে ক্ষোভ প্রকাশ করে শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, “এটা জাতির জন্যে দুর্ভাগ্য। আমি খুবই দুঃখ পেয়েছি, মর্মাহত।”

তিনি বলেন, যে কাদের মোল্লা ছিল খুনি, যে মানুষের শরীর দ্বিখণ্ডিত করেছে সেই কসাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিল ট্রাইব্যুনাল।

“এখন এ কসাই জামাই আদরে থাকবে কারাগারে, ডিভিশন পাবে। আর সরকার পরিবর্তন হলে সংবর্ধনা নিয়ে বেরিয়ে আসবে। এটা জাতির জন্য দুর্ভাগ্য।”

মুক্তিযোদ্ধা সংসদের বরিশাল জেলা ইউনিট কমান্ডের সভাপতি মো. কুতুবউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতোদিন যাবৎ জামায়াতে ইসলামীর দেশে-বিদেশে লবিস্ট নিয়োগের যে কথা আমরা শুনে আসছিলাম এই রায়ের মধ্য দিয়ে তা প্রমাণিত হলো।”

নাট্যব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু বলেন,  “এ রায়ে আসামিকে যে শাস্তি দেয়া হয়েছে তাতে খুশি হতে পারিনি। এ রায় গ্রহণ করা সম্ভব না।”

মুক্তিযোদ্ধা ও  শহীদ পরিবার যে রায় প্রত্যাশা করেছিলো এতে তার প্রতিফলন হয়নি বলে মনে করেন তিনি।

ট্রাইব্যুনাল চত্বরে রায়ে অসন্তোষের কথা জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করা উচিত বলেও মনে করেন তিনি।

“কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার সব ধরনের প্রমাণ ছিল। অনেক প্রত্যাশা করে এ রায় শুনতে এসেছি। আমরা প্রত্যাশা করেছিলাম, তার ফাঁসির আদেশ হবে। এ রায়ে একেবারেই সন্তুষ্ট নই আমি।”

ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এমএ হাসান বলেন, “মিরপুরের এ কসাইয়ের হত্যাকাণ্ড যেখানে প্রমাণিত সেখানে মৃত্যুদণ্ডের পরিবর্তে কখনো যাবজ্জীবন দণ্ড হতে পারে না। যারা মিরপুরে শহীদ হয়েছেন, যারা ভুক্তভোগী; তাদের কাছে এ রায়ে আশার প্রতিফলন হয়নি।”

ট্রাইব্যুনালের আদেশ পর্যালোচনা করছেন জানিয়ে এ গবেষক বলেন, “আমরা পুরো বিষয়টি অবলোকন করছি। যারা যুদ্ধাপরাধের বিচার নিয়ে তাণ্ডব চালাচ্ছে তাদের বিষয়ে সরকারের অবস্থান কী? এখন ভবিষ্যত রায়গুলোর অপেক্ষায় আছি।”

রায় শুনে বিস্মিত হলেও এ বিচার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি কে এম সফিউল্লাহ।

তিনি বলেন, “আল্টিমেটলি যুদ্ধাপরাধের যে বিচার হচ্ছে তাতেই আমরা সন্তুষ্ট।”