কাদের মোল্লা ট্রাইব্যুনালে, রায় ঘোষণা চলছে
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার উপস্থিতিতে তার বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার উপস্থিতিতে তার বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শাহীনুর ইসলাম সকাল সাড়ে ১০টায় রায়ের ১৩২ পৃষ্ঠার সারাংশের প্রথম অংশ পড়া শুরু করেন। ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি মজিবুর রহমান মিয়া রায়ের দ্বিতীয় অংশ এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তৃতীয় ও চূড়ান্ত রায়ের অংশ পড়বেন।
জামায়াত নেতা কাদের মোল্লাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সোমবার রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছিল। রায় শোনার জন্য মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম।
আদালতে হাজির করার পর এজলাসে দাঁড়িয়ে কাদের মোল্লা কিছু বলার অনুমতি চান। তবে বিচারক তাকে অনুমতি না দিয়ে রায় পড়া শুরু করেন।
সাদা পাঞ্জাবী ও কোটি পরিহিত কাদের মোল্লাকে এ সময় অনেকটা বিমর্ষ দেখাচ্ছিল। তার হাতে ছিল একটি পানির বোতল
উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম জানান, রায় উপলক্ষ্যে ট্রাইব্যুনাল ঘিরে সোমবার থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় পুলিশ, র্যাব ও আনসারের দুই স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এ ছাড়া পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) বোমা নিস্ক্রিয়করণ দল ও সোয়াত দলও অবস্থান নিয়েছে ট্রাইব্যুনাল এলাকায়। ট্রাইব্যুনালের ভেতর ও বাইরে বসানো হয়েছে অর্ধ শতাধিক ক্লোজড সার্কিট ক্যামেরা।
ট্রাইব্যুনালে আসা সাংবাদিক ও দর্শনার্থীদেরও কঠোর নিরাপত্তার মধ্যে তল্লাশি চালিয়ে ট্রাইব্যুনালে প্রবেশ করতে দেয়া হয়।
এদিকে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তিনটি ইউনিট সকাল সাড়ে ১০টার দিকে হাইকোর্ট মাজার সংলগ্ন ফটকে অবস্থান নিয়ে কাদের মোল্লার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে। যুদ্ধাপরাধের মামলার অন্য অসামিদের বিচারও দ্রুত সম্পন্ন করার দাবি জানান মুক্তিযোদ্ধারা।
২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই বিচার প্রক্রিয়া শুরুর পর এটি হচ্ছে যুদ্ধাপরাধের মামলার দ্বিতীয় রায়।
যুদ্ধাপরাধের এই বিচার ঠেকানোর ঘোষণা দিয়ে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে জামায়াতে ইসলামী। রাজধানীসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, বিক্ষিপ্ত বোমাবাজি ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি।
এর আগে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল। এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলাটি যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে।
দুই ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক ও বর্তমান আমিরসহ আরো ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর শুনানি চলছে।
