‘বিএমএ নির্বাচনের অনিয়ম তদন্ত নয় কেন’
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বিগত নির্বাচনে কথিত অনিয়মের অভিযোগ তদন্তে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রথামিক শুনানি করে সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই রুল জারি করে।
দুই সপ্তাহের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদফতরের নিবন্ধন কর্তৃপক্ষের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মুবিনা আসাফ।
তাকে সহায়তা করেন ব্যারিস্টার নওশাদ জমির, অ্যাডভোকেট সাথিকা হোসাইন ও অ্যাডভোকেট মো. রিয়াজুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
গত ২৯ নভেম্বর বিএমএ’র নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক স্বাধীনতা চিকিৎসক ফোরাম (স্বাচিপ) জয়লাভ করে।
