‘বিএনপি মাঠে নামলে সরকার টিকতে পারবে না’
বিএনপি মাঠে নামলে সরকার ‘টিকতে পারবে না’ বলে হুঁশিয়ার করে দিয়েছেন দলটির নেতা মওদুদ আহমদ।
সোমবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আপনারা [সরকার] জামায়াতে ইসলামীকেই সামলাতে পারছেন না। বিএনপি তো এখনো মাঠেই নামেনি। উপযুক্ত সময়ে যখন মাঠে নামবে, কর্মসূচি আসবে তখন গণজোয়ারের মুখে সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না।’’
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘অপরাজেয় বাংলাদেশ’ এর উদ্যোগে ‘আওয়ামী লীগের দুঃশাসনের চার বছর : বিপন্ন গণতন্ত্র ও মাবাধিকার’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সরকারের কথিত দমননীতির সমালোচনা করে মওদুদ দাবি করেন, বিরোধী দলের আন্দোলন ‘দমাতে’ সরকার হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিচ্ছে, কারাগারে নিচ্ছে। সরকার ‘একগুয়েমী’ করে দেশকে ‘সাংঘর্ষিক’ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, আজ (সোমবার) জামায়াত-শিবিরের সমাবেশে লক্ষাধিক মানুষ সমবেত হয়েছে। সরকারের পুলিশ বাহিনী এক কর্মকর্তা বলেছিলেন, শিবির দেখামাত্র গুলি করা হবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, যেখানে জামায়াত-শিবিরকে দেখা যাবে, তাদের ধরিয়ে দিতে হবে।
“এ থেকে প্রমাণ হয়েছে, সরকারের পায়ের নিচে মাটি নেই।’’
পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির প্রসঙ্গ টেনে সাবেক এই আইনমন্ত্রী বলেন, এই প্রকল্পের ‘দুর্নীতিকে’ আড়াল করতেই সরকার এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।
‘‘এতো বড় একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও প্রকৌশল সক্ষমতা আমাদের নেই। এই সেতু নির্মাণে যেসব কারিগরি ও প্রযুক্তি প্রয়োজন হবে, তা স্থানীয় মুদ্রায় আনা সম্ভব নয়। এটা সরকারের কল্পনা বিলাস।”
সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মো. হানিফ, আকবর সিরাজী, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রাজিয়া হালিম প্রমূখ বক্তব্য রাখেন।
