ঢাকায় নদী দূষণে ৫ কারখানাকে জরিমানা
ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় নদী দূষণের জন্য পাঁচ শিল্প কারখানাকে জরিমানা করা হয়েছে।
সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর ওই পাঁচ কারখানাকে প্রায় ৭৭ লাখ টাকা জরিমানা করেন বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কারখানাগুলো হলো- আল-মুসলিম ওয়াশিং লিমিটেড, আনলিমা টেক্সটাইল মিলস, সুরমা গার্মেন্টস (ডাইং ও নিটিং), পার্লস এন্ড পাউচ ও লন্ড্রী ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই পাঁচটি শিল্প কারখানা থেকে দূষিত বর্জ্য পানি প্রবাহিত হয়ে পাশের বংশী ও তুরাগ নদী দূষিত হচ্ছে। রোববার পরিবেশ অধিদপ্তরের একটি এনফোর্সমেন্ট টিমের এক অভিযানে এসব কারখানার দূষণের ঘটনার প্রমাণ পাওয়া যায়।
এতে বলা হয়, প্রতিষ্ঠানসমূহের মধ্যে দুটির ইটিপি নেই এবং বাকী তিনটির ইটিপি থাকলেও তা ত্রুটিপূর্ণ ছিল।
