২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে রোববার দুদলের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

পুলিশ জানিয়েছে, টেটার আঘাতে সাইফুল ইসলামের (২৮) মৃত্যু হয়েছে। 

গুরুতর আহত পাঁচ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং বাকিদের আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ থানার ওসি গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, স্থানীয় আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিকেল ৫টার দিকে আড়াইসিধা গ্রামের মাধু ও মোল্লা গোষ্ঠীর কয়েকশ’ লোক দেশি অস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় প্রতিপক্ষের টেটার আঘাতে মাধুর পক্ষের কলেজছাত্র সাইফুল ইসলাম গুরুতর আহত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।