২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা উপকূলে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশি উদ্ধার

শ্রীলঙ্কা উপকূলে ডুবন্ত একটি ট্রলার থেকে শতাধিক বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 01:40 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

রোববার ২০ ঘণ্টা অভিযান চালিয়ে ওই ট্রলারের ১৩৮ যাত্রীকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী, যাদের ১২৭ জন বাংলাদেশি।

নৌকার আরোহী বাকি ১১ জন মিয়ানমারের নাগরিক বলে নৌবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়।  

শ্রীলঙ্কার পূর্ব উপকূলের ওলুউইল থেকে ৫০ মাইল দূরে সাগরে ট্রলারটি ডুবতে বসে। শ্রীলঙ্কার মাছধরা নৌকা থেকে তা দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।

শ্রীলঙ্কার মৎস্য দপ্তরের অনুরোধে নৌবাহিনী নড়বড়ে ওই ট্রলারের যাত্রীদের উদ্ধারে অভিযানে নামে।

নৌবাহিনী জানায়, ১৩৮ নৌযাত্রীর সবাইকে ওলুউইল মৎস্য অবতরণ কেন্দ্রে নেয়া হয়েছে। এদের মধ্য থেকে চার পুরুষ ও দুই নারী মারাত্মক পানিশূন্যতায় আক্রান্ত হওয়ায় তাদেরকে আক্কারাইপাত্তু বেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়াদের মধ্যে ১৩২ জন পুরুষ,তিন জন নারী ও তিনটি শিশু। পানিশূন্যতায় আক্রান্ত তাদের সবাইকেই চিকিৎসা দেয়া হয়েছে।

এদের মধ্যে একজন পুরুষ মারা গেছেন বলে নৌবাহিনীর চিকিৎসা কর্মকর্তাদের উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন। তবে মৃতের পরিচয় জানা যায়নি।