গাজীপুরে শ্রমিককে গণধর্ষণ, তরুণী গ্রেপ্তার
গাজীপুর সদরে এক পোশাক শ্রমিককে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
কয়েকদিন আগে মেয়েটি (১৪) নির্যাতনের শিকার হলেও থানায় মামলা করেন শনিবার রাতে।
দুর্বৃত্তদের সহায়তার অভিযোগে পুলিশ রোববার সদর উপজেলার তেলিপাড়া এলাকা থেকে এক তরুণীকে (১৮) গ্রেপ্তার করেছে।
একইদিন নির্যাতিতা মেয়েটিকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার বরাত দিয়ে জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, গত ২৭ জানুয়ারি ওই শ্রমিক বাসা থেকে দুপুরের খাবার খেয়ে কারখানায় যাচ্ছিলেন। তখন পাশের বাড়ির কেয়ারটেকার তরুণী তাকে কৌশলে ওই বাড়ির ভাড়াটিয়া জসীমের ঘরে নিয়ে যায়।
“ওখানে জসিম, ইকবাল, আমিন ও শাহিন নামে চার যুবক ওই পোশাক শ্রমিককে ধর্ষণ করে।”
সন্ধ্যার দিকে ছেড়ে দিয়ে এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দেয়।
প্রাণের ভয়ে ও লোকলজ্জায় নারী শ্রমিক ঘটনাটি কাউকে জানাননি বলে মামলায় উল্লেখ করেন, বলেন ওসি।
পুলিশ কর্মকর্তা আরো জানান, কিন্তু শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে, শুক্রবার মেয়েটি গ্রামের বাড়িতে থাকা তার বাবা-মাকে বিষয়টি জানান। পরে শনিবার রাতে এলাকাবাসী ও বাবা-মা তাকেসহ থানায় এসে মামলা করেন।
সহায়তাকারী তরূণীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন ওসি।
