হবিগঞ্জে চা শ্রমিককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে নালুয়া চা বাগানে এ হামলায় নিহত হন নন্দলাল ভূমিজ (৬০)। তিনি ওই বাগানের পূর্ব টিলা এলাকায় থাকতেন।
রোববার এ ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চুনারুঘাট থানার ওসি শেখ কবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ধারালো অস্ত্র দিয়ে কে বা কারা নন্দলালকে হত্যার পর তার লাশ বাড়ির আঙ্গিনায় ফেলে রাখে।
রাত ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দুপুরে নিহতের মেয়ে সুজলা ভূমিজ থানায় হত্যা মামলা করেছেন বলে জানান ওসি কবিরুল।
