২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে জুয়েলার্সে ডাকাতি, প্রতিবাদে ধর্মঘট

নারায়ণগঞ্জের টানবাজারে গয়নার দোকানে ডাকাতির ঘটনায় রোববার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে জেলার স্বর্ণালংকার ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের মীনাবাজার এলাকায় সেলিম মার্কেটে রিফাত জুয়েলার্সে ৪/৫ জন সশস্ত্র দুর্বৃত্ত দোকানের কর্মচারীদের জিম্মি করে এবং দোকানের সামনের রাস্তায় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায়। আতঙ্কে আশপাশের দোকান বন্ধ করে ফেললে রিফাত জুয়েলার্স থেকে গয়না লুট করে পালিয়ে যায় তারা।

রোববার সকাল থেকে শহরের কালীরবাজার স্বর্ণপট্টি ও মীনাবাজার এলাকার সবগুলো গয়নার দোকান ও গয়না প্রস্তুতকারক দোকান বন্ধ রয়েছে।

ডাকাতির ঘটনার প্রতিবাদে সকাল থেকে ব্যবসায়ীরা বিক্ষোভ ও মানববন্ধন করছেন। জেলার বিভিন্ন এলাকার স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররাও এতে যোগ দিয়েছেন।

বাংলাদেশ জুয়েলারি সমিতি জেলা সাধারণ সম্পাদক ও দোকান মালিক সমিতির সহ-সভাপতি মো. হানিফউদ্দিন সেলিম বলেন,  আমরা শনিবারের ঘটনায় উদ্বিগ্ন। আমরা দুপুর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি করব এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেব।

রিফাত জুয়েলার্সের প্রায় ৩শ’ ভরি স্বর্ণ লুট হয়েছে দাবি করে তিনি বলেন, নারায়ণগঞ্জের ইতিহাসে এ ধরনের  ডাকাতির ঘটনা এটাই প্রথম। এ ঘটনায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের বলেন, রিফাত জুয়েলার্সে ডাকাতির ঘটনায় রাতেই দোকান মালিক মারুফুল ইসলামের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। এতে প্রায় ৩০০ ভরি স্বর্ণ লুটের কথা বলা হয়েছে।

ডাকাতদের গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে বলেও তিনি জানান।