‘বিরূপ প্রচারে বিভ্রান্তি নয়’
সেনাবাহিনীর অধস্তনরা যাতে কোনো মহলের ‘বিরূপ প্রচারণায়’ বিভ্রান্ত না হন, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘জেনারেলস্ কনফারেন্সে’ প্রধানমন্ত্রী
“তাদের সকল প্রয়োজনীয়তা, আশা-আকাঙ্ক্ষা ও চিন্তা ভাবনার দিকে লক্ষ্য রাখতে হবে”, বলেন তিনি।
সকালে সেনাসদর অফিসার্স মেসে এই ‘জেনারেলস্ কনফারেন্স’ হয়। প্রধানমন্ত্রী অফিসার্স মেসে পৌঁছালে তার নিরাপত্তা ও প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া তাকে স্বাগত জানান।
সংবিধান ও গণতন্ত্র বিরোধী যে কোনো কর্মকাণ্ড সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে- এমন প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সেনাবাহিনীর পিঠে সওয়ার হয়ে কোনো স্বার্থন্বেষী মহল যাতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে সেদিকে সর্বোচ্চ দৃষ্টি দিতে হবে।”
মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জেনারেলদের উদ্দেশে বলেন, “শত বাধা সত্ত্বেও আমরা যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনেছি, যা মোটেই সহজ কাজ ছিল না।”
এই বিচার বাধাগ্রস্ত করতে প্রতিনিয়ত বিশৃঙ্খলা তৈরির চেষ্টাসহ রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র হচ্ছে বলে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে শেখ হাসিনা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দেশ সেবায় আমরা আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা পেয়েছি।
সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যকে সামনে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।
ক্যাপ্টেন ও সম পর্যায়ের পদবির কর্মকর্তাদের বেতন স্কেল সপ্তম থেকে ষষ্ঠ গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেনা সদস্যদের আংশিক অর্থায়নে সেনা আবাসন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর অফিসারদের জন্য ডিওএইচএস সম্প্রসারণ ও নতুন প্রকল্প নেয়া হয়েছে।
পর্যায়ক্রমে জেসিও ও অন্যান্য পদবীর জন্য একই ধরণের প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জলসিঁড়ি প্রকল্পের আওতায় কিছু দিনের মধ্যেই প্রথম পর্যায়ে ৩৬৭টি প্লট অফিসারদের হস্তান্তর করা হচ্ছে।
সশস্ত্রবাহিনীর উন্নয়নে সম্প্রতি রাষ্ট্রীয় ঋণ চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্রয়ের চুক্তির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে তা সশস্ত্রবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই স্বল্প সময়ে সেনাবাহিনীর উন্নয়নের লক্ষ্যে যথা সম্ভব সকল বাস্তবমুখী কার্যক্রম হাতে নিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠন কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে। যা সামগ্রিকভাবে আমাদের গর্বিত সেনাবাহিনীর সমরশক্তি ও চলাচল সক্ষমতা আরো অনেক বৃদ্ধি করবে।”
বাংলাদেশ সেনাবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ পদ্ধতিতে আধুনিকায়নের কার্যক্রম গ্রহণ করার কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
এছাড়া সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকার সীমাবদ্ধতার কথা চিন্তা করে ভূমি মন্ত্রণালয়কে চর কেরিং-এর নয় হাজার একর জমি সেনাবাহিনীকে দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
পার্বত্য চট্টগ্রামে থানচি ও রুমা ব্রিজ দুটি নির্মাণ এবং বনানী ওভারপাস প্রকল্প ও বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, “ভবিষ্যতে জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনাদের সম্পৃক্ততা আমি আরো ব্যাপকভাবে দেখতে পাবো বলে আশা রাখি।”
২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় নিহত ৫৭ সেনা কর্মকর্তার বিদেহী আত্মার শান্তি কামনা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, “সংঘটিত হত্যকাণ্ডের বিচার প্রচলিত আইনে করায় সেনাবাহিনীর প্রতি ন্যায়পরায়ণতার প্রশ্নে জনগণের আস্থা আরো বৃদ্ধি পেয়েছে।”
“কোন প্রকার হঠকারিতার পথে না গিয়ে সেনাবাহিনী সেদিন বিরল ধৈর্যের পরিচয় দিয়েছিল।”
বাংলাদেশের স্বাধীনতার পর সেনাবাহিনীর উন্নয়নে বঙ্গবন্ধুর নেওয়া বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নে বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন সরকার প্রধান।
তিনি জানান, বর্তমান সরকারের সময়ে সেনাবাহিনীর সেল্ফ প্রোপেল্ড রেজিমেন্টের জন্য সেল্ফ প্রোপেল্ড গান, অত্যাধুনিক অ্যামুনিশন প্ল্যান্ট, চতুর্থ প্রজন্মের এমবিটি-২০০০ মডেলের ট্যাংক, উইপন লোকেটিং রাডার, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, আর্মার্ড রিকভারি ভেহিক্যাল এবং হেলিকপ্টার কেনা হয়েছে।
এ ছাড়া সেনাবাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোল ২০৩০ এর আলোকে রিয়েল এস্টেট মাস্টার প্ল্যানের কার্যক্রম চূড়ান্ত করার অংশ হিসেবে ইতোমধ্যে সিলেটের সালুটিকর ও রামুতে একটি করে পুর্ণাঙ্গ সেনানিবাস স্থাপনের জন্য যথাক্রমে ৯২০ দশমিক ৭৮ একর এবং ৬৫৭ দশমিক ১৭ একর জমি সেনাবাহিনীর অনুকূলে হস্তান্তরের প্রস্তাবনা মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের আবাসিক সমস্যা সমাধানের লক্ষ্যে চলতি অর্থ বছরেই ৩৬৩ কোটি টাকা পুনঃউপযোজনের মাধ্যমে মোট ৯৭টি প্রকল্প বাস্তবায়ন করছি। এ প্রকল্পগুলো বাস্তায়িত হলে ২০১৫ সালের পরে সেনানিবাসগুলোতে বাসস্থানের ঘাটতি উল্লেখ্যযোগ্যভাবে হ্রাস পাবে।”
জাতি সংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা বরাবরই প্রশংসিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে জাতি সংঘ মিশনে আরো বলিষ্ঠ নীতিনির্ধারণী অংশীদার করতে নিরন্তর কাজ করছে।
সরকার সব কিছুর ঊর্ধ্বে থেকে সেনাবাহিনীর পেশাদারিত্ব সমুন্নত রাখার বিষয়ে সচেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রতিরক্ষা সচিব খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
