‘সরকারের ব্যর্থতায় জামায়াতের তাণ্ডব’
পুলিশের উপর জামায়াত-শিবিরের হামলাকে সরকারের ব্যর্থতা হিসাবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাহবুবুর রহমান।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলার সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাহবুবুর রহমান বলেন, “শিবির যেটা করছে, পুলিশকে পিটাচ্ছে, পুলিশও ব্যর্থ হচ্ছে। আমি এটাকে বলবো সরকারের ব্যর্থতা। সরকারের যে পুলিশ, যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা যদি এটা নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কে নিয়ন্ত্রণ করবে?”
জামায়াত শিবিরের এই হামলার মুখে দেশের কেউই নিরাপদ নয় বলেও মনে করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান।
“আমি মনে করি, আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, আইনের শাসন থাকতে হবে। যেখানে একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি হবে, সেখানে বাধা দিতে হবে। জনগণকে নিরাপত্তা দিতে হবে। জনগণের জান মালের নিরাপত্তা দিতে হবে।”
‘জামায়াত-শিবির পুলিশের উপর হামলার পরও সরকার তাদের নিবন্ধন বাতিল করছে না, আবার নিবন্ধিত দল হিসাবে তাদেরকে সভা সমাবেশ করতে দিচ্ছে না- এটা কি সরকারের দ্বৈত আচরণ নয়?’-- মো. আসাদ হোসেন নামে এক দর্শকের প্রশ্নের জবাবে মাহাবুব হোসেন এটাকে সরকারের ‘দ্বৈত আচরণ’ হিসাবে উল্লেখ করেন।
তিনি বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে সবার রাজনীতি করার অধিকার আছে। জামায়াতে ইসলামী একটা অনেকদিনের পুরনো দল। তারা রাজনীতি করছে, সংসদে আসছে। তাদের বিরাট ভোটারও আছে। তারা ইলেকশন কমিশনের কাছেও রেজিস্টার্ড একটা দল।”
মিলনায়তনের অধিকাংশ দর্শকও বিষয়টিকে সরকারের ‘দ্বৈত আচরণ’ হিসাবে মত দেন।
অবশ্য সংলাপের অারেক প্যানেল আলোচক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান পুলিশের উপর হামলার পরিপ্রেক্ষিতে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে বলেন, “এটা সময়ের ব্যাপার।”
একই সাথে বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতাল ও যুদ্ধাপরাধ ট্রাইবুনাল বাতিল এবং জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ডাকা সাম্প্রতিক হরতালে সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি মাহবুবুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, “আপনি গণতান্ত্রিক যে অধিকারের দাবি করছেন সেই গণতান্ত্রিক আচরণ আসলে আপনার মধ্যে নেই। একজন পাগলকে পাগলামি সারানোর জন্য নিয়ে যেতে হবে ওই পাগলা গারদেই।”
একই সাথে পুলিশের উপর জামায়াত শিবিরের এই হামলা এবং সহিংসতা প্রতিরোধে ‘জনগণই এগিয়ে আসবে’ বলে মন্তব্য করেন তিনি।
সংলাপের অপর দুই প্যানেল আলাচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরি এসএ ইসলাম।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, “পুলিশের উপর আক্রমণ করা, গাড়ি পোড়ানো, জানমালের ক্ষয়ক্ষতি করা এটা কোনো নিবন্ধিত দলের আইন অনুযায়ী করার অধিকার নেই।”
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে তিনি বলেন, “আর নিবন্ধন সরকার দেন না। নিবন্ধন দেন নির্বাচন কমিশন, কিছু নীতিমালার আলোকে। সেই নীতিমালা যদি কেউ ভঙ্গ করে থাকে তাহলে সে ব্যাপারে সিদ্ধান্ত সরকার নেবে না। নেবে নির্বাচন কমিশন।”
তাজমেরি এসএ ইসলাম পুলিশের উপর হামলা প্রসঙ্গে বলেন, “কেউ যদি আত্মরক্ষার জন্য এটা করতে চায় সে করতেই পারে।”
তিনি আরো বলেন, “একটা পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের (জামায়াতে ইসলামী) রাজনৈতিক কারর্যক্রম চালানোর অধিকার আছে।”
সংলাপে বিকল্প অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কতটা বাস্তবসম্মত, ওয়াশিংটন টাইমসে প্রকাশিত খালেদা জিয়ার নিবন্ধে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয়েছে কি না এবং বাংলাদেশের শিশুদের উপর হিন্দি কার্টুনের প্রভাব ছাড়াও বিভিন্ন সমসাময়িক বিষয়ের ওপর আলোচনা হয়েছে।
সংলাপ সঞ্চালনা করেন বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন।
