বাগেরহাটে ৬ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার
বাগেরহাটের মংলা, রামপাল ও মোড়েলগঞ্জ উপজেলা থেকে শনিবার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
এছাড়া মংলায় শিবিরের দুই কর্মীকে ছাত্রলীগকর্মীরা অপহরণ করেছে বলে জামায়াত দাবি করলেও পুলিশ স্বীকার করেনি।
গ্রেপ্তারদের মধ্যে পাঁচ জন হলেন রামপাল উপজেলা জামায়াত সেক্রেটারি শেখ নাছের উদ্দিন, গৌরম্ভা ইউনিয়ন জামায়াত সহ-সভাপতি শফিকুল ইসলাম, মংলার শিবিরকর্মী আল আমিন, জামায়াতকর্মী মোতাছছিন বিল্লাহ, মোরেলগঞ্জের শিবিরকর্মী রেজাউল করিম। একজনের নাম জানা যায়নি।
রামপাল থানার ওসি এস এম আনোয়ার হোসেন বলেন, বিকালে মিছিল থেকে পুলিশের উপর চড়াও হলে দুজনকে গ্রেপ্তার করা হয়।
মংলা থানার ওসি মুনিরুল গিয়াস বলেন, বিকালে মংলা পৌরসভার বি এল এস রোডে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে।
তবে শিবিরের কোনো কর্মীকে অপহরণের বিষয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি বলে তিনি জানান।
মোরেলগঞ্জ থানার ওসি আসলাম উদ্দিন ভলেন, মিছিল থেকে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা জামায়েতের নায়েবে আমির রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ কোনো কারণ ছাড়াই জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
এ সময় মংলায় ছাত্রলীগকর্মীরা দুই শিবিরকর্মীকে অপহরণ করে বলেও তিনি অভিযোগ করেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকালে জামায়াত জেলা সদরসহ বাগেরহাটের কয়েকটি উপজেলায় বিক্ষোভ মিছিল করে।
