২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের ধর্মঘট রংপুর মেডিকেলে

কলেজ ছাত্রলীগ সভাপতির উপর হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজে শনিবার ধর্মঘট শুরু করেছে সংগঠনটি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 01:33 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

একই দাবিতে শুক্রবার থেকে মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতি করছেন শিক্ষানবিস চিকিৎসকরা। এতে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ধর্মঘটে কলেজে কোনো ক্লাস হয়নি। তবে প্রথম, দ্বিতীয় ও শেষ বৃত্তিমূলক পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। পরে ছাত্রলীগ ও শিক্ষানবিস চিকিৎসকরা অধ্যক্ষের কাছে পৃথক স্মারকলিপি দেন।

গত সোমবার রাতে ডা. তিন্নু ছাত্রাবাসে নিজ কক্ষে হামলায় আহত হন কলেজ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুর রহমান মিরাজ। তিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন প্রধান সাংবাদিকদের বলেন, দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত ধর্মঘট চলবে। তবে চলমান পরীক্ষাসমূহ হবে।

দাবি পূরণের জন্য বৃহস্পতিবার পর্যন্ত কলেজ কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছিল সংগঠনটি।

ইন্টার্নি (শিক্ষানবিস) ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা বলেন, রোববার তারা ক্যাম্পাসে মানববন্ধন করবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ডা. আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, “ছাত্রলীগ ও শিক্ষানবিস চিকিৎসকদের দুটি স্মারকলিপি পেয়েছি। তাদের দাবিগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।”  

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. গোলাম মোস্তফা বলেন, নবিস চিকিৎসকদের কর্মবিরতির কারণ খুঁজে পাচ্ছি না। কর্মবিরতির কারণে সকল বিভাগের চিকিৎসকদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।