রমেকে ইন্টার্নদের কর্মবিরতি
বেঁধে দেয়া সময়ের মধ্যে ছাত্রলীগ নেতার উপর হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় রংপুর মেডিকেল কলেজে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ছাত্রলীগ।
একই দাবিতে রমেক হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা।
বৃহস্পতিবার তিন দফা দাবি আদায়ের সময়সীমা শেষ হলে শুক্রবার থেকে তারা কর্মবিরতি শুরু করে।
গত সোমবার রাতে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রেজানুর রহমান মিরাজের কক্ষে ঢুকে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শিক্ষানবিশ চিকিৎসক আশফাকুল হক খন্দকার পুলক, রাহাত আল রাজিব, রাইসুল ইসলাম নবীণ, সঞ্জীব কুমার সিংহ, সোহাগ হোসেন, ইমরান হোসেন ও শফিসহ মোট ১২ জনকে আসামি করে মামলা করেন কলেজের অধ্যক্ষ ডা. আব্দুর রউফ।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। পাশাপাশি শনিবার থেকে কালোব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করা হবে।
একই কথা জানান কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন।
এদিকে মামলার আসামি পুলক অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। ছাত্রলীগের দুই পক্ষের কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে।
আন্দোলনকারীদের অপর একটি দাবি হলো ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন।
কলেজের অধ্যক্ষ ডা. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।
বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।
কোতোয়ালি থানার ওসি শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা গা ঢাকা দেয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে ধর্মঘটের কারণে দুর্ভোগের মধ্যে পড়েছে রোগীরা।
তবে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. গোলাম মোস্তফা দাবি করেন, শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতির কারণে অপর চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করায় রোগীদের দুর্ভোগ হয়নি।
