২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীঘিনালায় ৯ ভারতীয় গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বৃহস্পতিবার নয় ভারতীয় নাগরিকসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 01:37 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

মামলা দায়েরের পর শুক্রবার আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

নয় ভারতীয় হলেন মিজোরাম রাজ্যের মামিত জেলার মারপাড়া থানার শিলছড়ি গ্রামের শান্তিময় চাকমা (৪০), কালাকাজী চাকমা (২৫), রাজেক কুমার চাকমা (১৯), জগৎসোনা চাকমা (৩৬), স্বামীত্রী চাকমা (২৫), শান্তিবালা চাকমা (৩৫), শুভধ্বনী চাকমা (৪০), মঙ্গলারানী চাকমা (৫০) ও মিলাক্কো চাকমা (৩০)।

এছাড়া বাংলাদেশের দু’জন হলেন দীঘিনালার বিমলেশ্বর চাকমা (৩০) ও মঞ্জুমিত্র চাকমা (২৫)।

দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন টিটো সাংবাদিকদের বলেন, আটকরা ভারত থেকে সাজেক হয়ে বাংলাদেশে ঢুকেছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, বৃহষ্পতিবার সন্ধ্যায় একটি জিপে করে তারা সাজেক থেকে আসছিলেন। কিন্তু তারা বাংলা ভাষা বলতে না পারায় দীঘিনালা সেনাক্যাম্প চেকপোস্টে তারা ধরা পড়েন।

পরে সেনা সদস্যরা তাদের পুলিশে সোপর্দ করে। 

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরেুদ্ধে দীঘিনালা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানান।

খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান বলেন, তারা ব্যবসা করতে এখানে এসেছে বলে দাবি করছে। বিষয়টি পুলিশ তা তদন্ত করছে।