মালয়শিয়া চীন ভারত আগ্রহী: কাদের
মালয়শিয়া, চীন ও ভারত পদ্মা প্রকল্পের বিষয়ে আগ্রহ দেখিয়েছে জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি নিশ্চিত করা হবে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
শুক্রবার বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, “বাংলাদেশ সরকার গতকাল (বৃহস্পতিবার) বিশ্ব ব্যাংককে জানিয়েছে, তারা পদ্মা সেতুর জন্য অর্থায়নের অনুরোধ প্রত্যাহার করে নিচ্ছে।”
এর কয়েক ঘণ্টার মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেইনে উন্নীত করার প্রকল্পের কাজ দেখতে গাজীপুরের শ্রীপুরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যোগাযোগমন্ত্রী।
সংস্কার কাজ পরিদর্শন শেষে নয়নপুরে তিনি সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতু নিয়ে মালয়শিয়া, চীন ও ভারত আগ্রহ দেখিয়েছে। ফেব্রুয়ারির মধ্যেই এ সেতুর জন্য অর্থায়ন নিশ্চিত করা হবে। কাজও শুরু হবে এ সরকারের আমলেই।”
তবে এর পাশাপাশি নিজস্ব অর্থায়নে পদ্মা নির্মাণের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে ওবায়দুল কাদের জানান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের এ মেয়াদেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করার টার্গেট নিয়ে প্রস্তুতিমূলক তৎপরতা ও কর্মকাণ্ড জোরদার করতে হবে। আমি এখন সে কাজটিই করে যাচ্ছি। অর্থায়নের বিষয়টি প্রধানমন্ত্রী নিজে দেখবেন। আর দাতাদের সামলাবেন অর্থমন্ত্রী।”
সরকারের একেক জন একেক কথা বললে বিভ্রান্তির সৃষ্টি হবে মন্তব্য করে কাদের বলেন, “পদ্মা সেতু নিয়ে এ মুহূর্তে কথা কম বলে কাজ বেশি করা উচিৎ।”
“আমার কথা একটাই, সরকারের বাকি মেয়াদের মধ্যেই পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করব”, জোর দিয়ে বলেন যোগাযোগ মন্ত্রী।
সওজের ঢাকা বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমদ, প্রকল্প পরিচালক প্রকৌশলী ফিরোজ ইকবাল, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্যাবাস্টিন রেমা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
এর আগে যোগাযোগ মন্ত্রী ফিতা কেটে ঢাকা-ময়মনসিংহ চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ৩ নম্বর প্যাকেজের কাজ উদ্বোধন করেন। পরে তিনি প্রকল্পের ভালুকা অংশ পরিদর্শনে যান।
বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে গত বছর মালয়শিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা এগিয়ে নেন যোগাযোগ মন্ত্রী কাদের। তখন দুইপক্ষের মধ্যে সমঝোতাও হয়।
এছাড়া প্রধানমন্ত্রীর উদ্যোগে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ অনুদান নিয়ে এ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু হয় গতবছর। অনুদানের অর্থ সংগ্রহের জন্য দুটি ব্যাংক অ্যাকাউন্টও খোলা হয়।
২৯০ কোটি ডলারের এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলার দেয়ার জন্য চুক্তি করে সরকারের সঙ্গে। কিন্তু কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর চুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর সরকারের নানামুখী তৎপরতায় তারা সিদ্ধান্ত বদলায়।
তাদের দেয়া শর্ত অনুযায়ী তিন সদস্যের একটি প্যানেল দুদকের তদন্ত পর্যবেক্ষণে দুই দফা ঢাকা সফর করে। ওই পর্যবেক্ষকরা ঢাকা ছাড়ার পর এক মাসেও কোনো সাড়া না পেয়ে গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, জানুয়ারিতে বিশ্ব ব্যাংকের সাড়া না পেলে ‘বিকল্প অর্থায়নে’ পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
বিশ্ব ব্যাংককে চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রয়োজনে নিজেদের অর্থায়নেই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
