গোপালগঞ্জে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৫
গোপালগঞ্জের বিভিন্ন থানা থেকে নাশকতা সৃষ্টির আশঙ্কায় তিন জামায়াত নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলো- কাশিয়ানী উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাওসার সিকদার (৪৫), মুকসুদপুরের দিগনগর ইউনিয়ন জামায়াতের আমির আকরামুজ্জামান আকরাম (৩২), সদর উপজেলার কাঠি গ্রামের মৃত আবুল হাসেম মোল্লার ছেলে জামায়াত নেতা হাফেজ ফিরোজ মোল্লা (৪৭), টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে শেখ জালাল উদ্দিন (৬০) ও একই উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নুরুল আবেদীন বিশ্বাসের ছেলে খালিদ বিশ্বাস (৩৫)।
বৃহস্পতিবার ও বুধবার রাতে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, মুকসুদপুর ও কাশিয়ানী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গোপালগঞ্জ থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় হাফেজ ফিরোজ মোল্লাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।
কাশিয়ানী থানার ওসি বোরহান উদ্দিন জানান, কাশিয়ানী উপজেলা জামায়াতের আমির কাওসার সিকদারকে বৃহস্পতিবার সকালে কাশিয়ানী থেকে গ্রেপ্তার করা হয়।
মুকসুদপুর থানার ওসি ফেরদৌস হোসেন জানান, দিগনগর ইউনিয়ন জামায়াতের আমির আকরামুজ্জামান আকরামকে দিগনগরে তার বাড়ি থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে শেখ জালালের ঘনিষ্টতা ছিল। জালাল ও খালিদ নাশকতামূলক কাজ করতে পারে এ সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
