২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারের সময় ৩ শিশু উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তিন শিশুকে উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বৃহস্পতিবার সকালে বেনাপোল চেকপোস্টের আধা কিলোমিটার উত্তরে সাদিপুর সীমান্তের কাঁঠালতলা পোস্ট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

শিশুরা হল- মাদারীপুর টেকেরহাটের উদ্যোগ বিশ্বাসের ছেলে সাগর (১০), নড়াইল জেলার হিরু মোল্লার  ছেলে আশরাফ (১১) ও দৌলতপুর লোহাগড়া ইতনা এলাকার রফিকুলের ছেলে হাকিম (১২)।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুর রহমান সাংবাদিকদের জানান, নড়াইল জেলার উত্তরপোল গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন ভাল কাজ দেয়ার কথা বলে শিশুদেরকে ভারতে পাচার করছিল।

গোপনে সংবাদ পেয়ে বিজিবি টহলদল শিশুদের উদ্ধার করে। তবে এ সময় তাদের সঙ্গে থাকা দালাল পালিয়ে যায় বলে জানান বিজিবি কর্মকর্তা।

আলমগীরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং শিশুদেরকে থানার নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানিয়েছেন।