জামালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
জামালপুরের বকশিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।
বৃহস্পতিবার সকালে জামালপুর-বকশিগঞ্জ সড়কের টানা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের মধ্যে এক নারী রয়েছেন যার আনুমানিক বয়স ৫০ বছর বলে বকশিগঞ্জ থানার ওসি মোস্তাসিনুর রহমান জানান।
আহতদের মধ্যে আকলিমা (২৪) ও মিজানুর রহমানকে (৪০) বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের বাড়ি বকশিগঞ্জের বাট্টাজোড় এলাকায়। আহত অপর ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তার পরিচয় জানা যায়নি।
ওসি মোস্তাসিনুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে বকশিগঞ্জ থেকে জামালপুরগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী জানিয়ে তিনি বলেন, ট্রাকচালক সুমন মিয়াকে (৪৫)আটক করা হয়েছে।
