নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, ঘটনাস্থলেই অটোরিক্সার দুই যাত্রীর মৃত্যু হয়। এরা হলেন- সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকার জালাল মিয়া (৩০) ও ঢাকেশ্বরী এলাকার সালমা আক্তার (৩৫)।
এছাড়া গুরুতর আহত অটোরিক্সা চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার নাম জানাতে পারেনি পুলিশ।
ওসি মতিন জানান, রাত ১টার দিকে শিমরাইলগামী জয় পরিহনের জমজম ট্রান্সপোর্টের একটি কভার্ডভ্যান ঢাকেশ্বরীর ২ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় অটোরিক্সাটি প্রায় ২০/২৫ ফুট দূরে ছিটকে দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার পর নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।
কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
