কড়া নিরাপত্তায় হরতাল শুরু
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল, আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল শুরু হয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে।
হরতালে বিশৃঙ্খলা এড়াতে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নেন বিপুল সংখ্যক পুলিশ ও র্যা ব সদস্য। এর মধ্যেও হরতালের প্রথম ঘণ্টায় যাত্রবাড়ী, মিরপুর, শ্যাওড়াপাড়াসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার চেষ্টা চালায় হরতালকারীরা। বাংলামোটর এলাকায় ফাটানো হয় কয়েকটি হাতবোমা।
মিরপুর-১১ নম্বর এলাকায় একটি গাড়ি ভাংচুর করা হয় এবং যাত্রাবাড়ীতে পুড়িয়ে দেয়া হয় একটি টেম্পো।
সকালে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
হরতালের কারণে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা কম হলেও রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরবাসীর নিরাপত্তায় সব আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। যে কোনো ধরনের ফৌজদারি অপরাধ কাঠোর হাতে দমন করা হবে।
সারা দেশে সকাল সন্ধ্যা এই হরতাল ডাকা হলেও ঢাকা ও চট্টগ্রামে কর্মসূচি চলবে দুপুর পর্যন্ত। জামায়াতের প্রধান শরিক বিএনপিও এই হরতালে সমর্থন দিয়েছে।
বুধবার বিকালে ঢাকায় সমাবেশের অনুমতি ‘না পেয়ে’ দুপুরে হরতালের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। আর সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জোট শরিকদের কর্মসূচিতে নিজেদের সমর্থনের কথা জানান।
হরতালের বিষয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বিবৃতিতে বলেন, “অবিলম্বে বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও সাবেক আমির গোলাম আযমসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিরোধী দলের আটক সব নেতা-কর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন বন্ধ, জনদুর্ভোগ লাঘবের দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করছি।”
পরে অবশ্য ঢাকা ও চট্টগ্রামে হরতাল আধাবেলা করার কথা জানান রফিকুল ইসলাম।
ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজসভা এবং চট্টগ্রামে বিপিএল খেলার জন্য হরতালের সময় কমিয়েছে জামায়াত।
আটক নেতাদের মুক্তি দাবিতে গত ডিসেম্বরেও হরতাল করে জামায়াত; আর তাতে সমর্থন জানায় বিএনপি।
ওই সমর্থনের বিষয়টি তুলে ধরে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে চায়।
একাত্তরে খুন, ধর্ষণ, লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় গোলাম আযম, মতিউর রহমান নিজামীসহ জামায়াতের শীর্ষ আট নেতা ও বিএনপির দুই নেতার বিচার চলছে।
জামায়াতের এই হরতালে বিএনপি ছাড়াও ১৮ দলীয় জোটের শরিক জাগপা, এনপিপি, এনডিপি, লেবার পার্টি, ন্যাপ সমর্থন জানিয়েছে।
