শেরপুর ভিক্টোরিয়া একাডেমির ১২৫ বছর
প্রবীণ ও নবীনের মিলনমেলায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেরপুরের ঐতিহ্যেবাহী সরকারি ভিক্টোরিয়া একাডেমির ১২৫ বছর পূতি উৎসব শেষ হয়েছে।
মঙ্গলবার শুরু হয়ে দুদিনের এ উসব শেষ হয়েছে বুধবার রাতে।
এ বিদ্যালয়ে পড়া পুরনো শিক্ষার্থীরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে। পুরনো বন্ধুকে জড়িয়ে ধরে বলেছেন, “কত দিন পর দেখা হল বন্ধু।”
ছোটবেলার বন্ধুকে জড়িয়ে ধরে আবেগে কেউ কেউ চোখের জল সামলাতে পারেননি। কেঁদেছেন আনন্দে।
বুধবার রাতে কন্ঠশিল্পী আঁখি আলমগীর ও হায়দার হেসেনের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ হয়।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান রতন অনুষ্ঠানে তার প্রতিক্রিয়ায় বলেন, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে অত্যন্ত আনন্দিত। এই বিদ্যাপীঠ ১২৫ বছর ধরে শিক্ষা বিলিয়ে যাচ্ছে।
প্রাক্তন ছাত্র ভাষা সৈনিক মো. আব্দুর রশীদ আবেগঘন কণ্ঠে বলেন, আমি গর্বিত শৈশবে এই স্কুলে পড়েছি। স্কুল চত্বরে দুটি বটগাছ ছিল। ইউ প্যাটার্নের স্কুল ঘরে মনোরম পরিবেশ ছিল। যুগের তাগিদে এর আদল পরিবর্তন হয়েছে।
আজ স্কুলের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করতে পেরে গর্ববোধ করছি।
১৯৭৮ সালের এসএসসি পাশ করেছেন আজকের ডা. দেলোয়ার হোসেন এবং সাংবাদিক দেবাশীষ সাহা রায়।
একে অপরকে পেয়ে জড়িয়ে ধরেন প্রচ- আবেগে।
স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুর রাকিব স্বাধীন তার প্রক্রিয়ায় বলে, আমার দাদু এই স্কুলের প্রাক্তন ছাত্র। আমরা দুই ভাই বর্তমানে এই স্কুলে পড়ছি।
এই স্কুলের অনেক ছাত্র ডাক্তার, সাংবাদিক, ইঞ্জিনিয়ারসহ অনেক বড় বড় দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে দেখা হয়েছে। আমার খুব ভাল লাগছে।
১৮৫৬ সালের ১৩ ফেব্রুয়ারি জমিদার হরচন্দ্র চৌধুরীর ছয় একর জমিতে এই মাইনর স্কুল স্থাপন করেন। স্কুলটি ১৮৮৭ সালে হরচন্দ্র চৌধুরীর নাতি জমিদার রায়বাহাদুর চারুচন্দ্র বৃটিশ মহারানি ভিক্টোরিয়ার নামের সাথে মিল রেখে স্কুলটির নামকরন করেন ভিক্টোরিয়া একাডেমি।
১৯৮১ সালে স্কুলটি সরকারি হয়।
