২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মেয়াদেই পদ্মা সেতুর কাজ: প্রধানমন্ত্রী

সরকারের এই মেয়াদে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 02:15 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের মো. শফিকুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে বিশ্বব্যাংকের সঙ্গে অমীমাংসিত বিষয় নিরসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণ কাজ বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যে শুরু করা সম্ভব হবে বলে আশা করা যায়।”

এর আগে বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব চলে আধঘণ্টা।

তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের ১১টি বৃহৎ সেতু নির্মাণের তথ্যও তুলে ধরেন।

২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা। তবে দুর্নীতির অভিযোগ তুলে তারা অর্থ এখনো না দেয়ায় ঝুলে আছে দেশের বহু প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ।

পিনু খানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ‘সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর কর্তৃপক্ষ ২০১২’ মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। আর্থিক সংস্থান নিশ্চিত হলেই নির্মাণ কাজ শুরু হবে।

এছাড়া পটুয়াখালীতে তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান তিনি।

নুর আফরোজ আলীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর কাজ শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে পাঁচ লাখ কর্মীর মালয়শিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা যায়।