ফরিদপুরের চম্পা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
ফরিদপুরের স্কুলছাত্রী জাকিয়া আক্তার চম্পা হত্যা মামলার প্রধান আসামি শামীম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শামীম মন্ডল (২২) রাজবাড়ী জেলার মুলঘর ইউনিয়নের সাইবাড়িয়া গ্রামের হাকিম মন্ডলের ছেলে।
এর আগে গ্রেপ্তার করা হয় মামলার পাঁচ ও ছয় নম্বর আসামি দুই সহোদর আবুল খাঁ ও হাশেম খাঁকে। তারা এখন কারাগারে আছেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কুমার বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চম্পা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে । অভিযান শেষ না হওয়া পর্যন্ত তদন্তের স্বার্থে এখনই বিস্তারিতভাবে বলা সম্ভব নয়।
গত ১৪ ডিসেম্বর পুলিশ ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের একটি মেহগনি গাছ থেকে ঝুলন্ত চম্পার লাশ উদ্ধার করে।
ওইদিনই শামীম মন্ডলসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৬/৭ জনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন চম্পার তার ভাই।
