২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক আন্দোলনে ইন্ধন বিরোধী দলের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলের সঙ্গে ‘যোগাযোগ’ রেখে চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা আন্দোলন করছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 12:55 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার জাতীয় সংসদে হাফিজউদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “আন্দোলনের নামে বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখবেন, আর তা হয়ে যাবে; তা ঠিক কথা নয়। এসএসসি পরীক্ষা বাদ দিয়ে রাস্তায় নেমে আন্দোলন করা উচিত নয়।”

বর্তমান সরকার শিক্ষাখাতে শতভাগ ভাতা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ জন্য শিক্ষকদের কখনো আন্দোলন করতে হয়নি।সরকার শিক্ষকদের জন্য করণীয় বিষয়ে সজাগ রয়েছে।

চাকরি জাতীয়করণের দাবিতে গত ১০ থেকে ২২ জানুয়ারি পর্ন্ত দেশের প্রায় ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ধর্মঘট পালন করেন।

গত ২৩ জানুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে ২৭ জানুয়ারি বিকালে তারা কর্মসূচি স্থগিত করেন।

তবে আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে চাকরি জাতীয়করণের ঘোষণা দেয়া না হলে ৩১ মার্চ ঢাকায় মহা সমাবেশ করার ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া।

শিক্ষকদের ওই আন্দোলনের সময় তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুসহ দলের বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন।

আন্দোলনকারী এসব শিক্ষকের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, কখন, কোথায়, কতটুকু করতে হবে সরকার সে বিষয়ে যথেষ্ট সচেতন। আজ যা হচ্ছে তা ঠিক নয়।

জাতীয়করণে (দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে) ৪০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, “বাজেটে কত টাকা লাগবে- তাও দেখতে হবে। শুধু বেতন-ভাতা দিলে তো হবে না; রাস্তা-ঘাট, পুল-কালভার্ট বানানো লাগবে না! আয় বাড়ুক, ভবিষ্যতে তা দেখব।”

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে নীতিমালা অনুসরণ করতে হবে।

“এমপিওভুক্ত হতে নিয়মনীতি মেনে হতে হবে। কেউ ইচ্ছে মতো স্কুল তৈরি করে এমপিও করার কথা বলে তাও কি সম্ভব? আমরা শিক্ষকদের সম্মান করি। সুযোগ সুবিধা দেই। ২৬ হাজার প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদেরও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।”

এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে গত ৭ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্ন্ত দ্বিতীয় দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও অনশণ কর্মসূচি পালন করেন কয়েকশ শিক্ষক-কর্মচারী।

পরে গত ১৮ জানুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ‘বিবেচনার’ আশ্বাস পেয়ে লাগাতার অনশনসহ সব কর্মসূচি তিন মাসের জন্য স্থগিত করেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের এসব কর্মসূচিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাজপা) সভাপতি শফিউল আলম প্রধান সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

এর আগে বিকাল সাড়ে ৪টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

পুরনো খবর:

আন্দোলনরত শিক্ষকদের পাশে খালেদার উপদেষ্টা