২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট

বিভিন্ন খাতে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আগামী ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 09:53 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেন ছাত্রজোটের নেতারা।

তারা বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, ইতিহাস, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আইন, পরিসংখ্যান ও গণিতসহ কয়েকটি বিভাগে বিভিন্ন খাতে ফি বাড়ানো হয়েছে।

এছাড়া সুফিয়া কামাল হল ও জগন্নাথ হলে শিক্ষার্থীদের কাছ থেকে ‘অতিরিক্ত ফি’আদায় করা হচ্ছে।

ছাত্রজোট নেতারা বলেন, ক্যাম্পাসের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের আগে কোনো অর্থ দিতে হতো না। কিন্তু সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের জন্যও ফি নির্ধারণ করা হয়েছে।

এসব বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ধর্মঘটের পাশাপাশি ১০ দিনব্যাপী আন্দোলন-কর্মসূচিও ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্রজোট।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে-  আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারাভিযান ও ছাত্রসংযোগ, ৬ ফেব্রুয়ারি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে মতবিনিময়, ৭ ফেব্রুয়ারি সায়েন্স এনেক্সে প্রচার মিছিল, ৯ ফেব্রুয়ারি  কলা ও বাণিজ্য অনুষদে প্রচার মিছিল ও সন্ধ্যায় মশাল মিছিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার  সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, “শিক্ষার বাণিজ্যিকীরণের নীতি বাস্তবায়নে আবারো তৎপর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই এসব ফি বৃদ্ধি এবং কয়েকটি ক্ষেত্রে নতুন করে ফি আরোপ করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পিনাক রায় পিন্টু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাধারণ সম্পাদক আমির খসরু ইমন, বিপ্লবী ছাত্র মৈত্রী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ফাহিম উদয়সহ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।